সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন তত্ত্ববধায়ক প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আল বশির।
২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত ক্ষমতায় থাকবে তার এই অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার টিভিতে এক বিবৃতিতে বশির একথা জানিয়েছেন।
বিদ্রোহীদের ১২ দিনের ঝোড়ো অভিযানে রাজধানী দামেস্ক দখল হওয়ার আগে ৪১ বছর বয়সী আল-বশির বিদ্রোহীদের নেতৃত্বাধীন সালভেশন গভর্নমেন্ট পরিচালনা করেছিলেন।
সশস্ত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত আল-তাহরির আল-শামের (এইচটিএস) একটি সূত্রকে উদ্ধৃত করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বশিরের মনোনয়ন পাওয়ার খবর আগেই গণমাধ্যমে এসেছিল। তাকে এবার আনুষ্ঠানিকভাবে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ করল বিদ্রোহীরা।
আল-বশিরের জন্ম ১৯৮৩ সালে; ইদলিবের জাবাল আল-জাউইয়া শহরে। আলেপ্পো ইউনিভার্সিটিতে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে লেখাপড়া সম্পন্ন করেন তিনি। এরপর শরিয়াহ ও আইন আইন নিয়ে লেখাপড়া করেন ইদলিব ইউনিভার্সিটিতে।
আন্তর্জাতিক ডেস্ক 













